নওগাঁয় খালে গোসলে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম (২২) ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। সুমাইয়া কার্তিকাহার গ্রামের শাহিন ইসলামের মেয়ে। তাঁদের বিয়ে হয়েছিল মাত্র ছয় মাস আগে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার বিকেলে নূর ইসলাম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। রোববার বেলা একটার দিকে কার্তিকাহার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় স্ত্রী সুমাইয়া খালের তীরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নূর ইসলাম পানির গভীরে তলিয়ে যেতে থাকেন। তাঁকে উদ্ধার করতে সুমাইয়া খালে নামলে তিনিও পানিতে নিখোঁজ হন।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর তাঁদের উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কাজী তাহরিমা আক্তার জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছিল। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।