রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। তবে এই ঘটনায় জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল, যা পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনার পর ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে দুটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে আসে। তারা দুই থেকে তিন মিনিট অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এরপর দুটি ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে তথ্য এসেছে যে, দুর্বৃত্তরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছে।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদসহ এই ঘটনায় জড়িতদের শনাক্ত এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

