ফরিদপুরে মাদক নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

ফরিদপুর কোতোয়ালি থানার ডাঙ্গী গ্রামে মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতির সময় পুলিশের একটি গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় শাকিল ও তার সহযোগীদের ইয়াবা সেবনের একটি ভিডিও ধারণ করেন টুলু মিয়া নামের এক ব্যক্তি। ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে তিনি শাকিলের কাছে অর্থ দাবি করেন। পরবর্তী সময়ে শাকিল ও তার সহযোগীরা টাকা দেওয়ার কথা বলে টুলু মিয়াকে ডেকে নিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ টুলু মিয়াকে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দিয়েছিল।

এই ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবার বিকেল ৫টার দিকে টুলু মিয়া ১৫-২০টি মোটরসাইকেলের বহর নিয়ে ডাঙ্গী এলাকায় গিয়ে মান্নান ফকির ও বক্কার সিকদারকে পিটিয়ে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ স্থানীয় জনতা টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া এবং জয়নাল নামের এক স্থানীয় বাসিন্দাকে মারধর করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ সময় উত্তেজিত জনতা পুলিশকে বাধা দেয় এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়ে চাবির রিং থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে ওসি মো. মাহমুদুল হাসান জানান, স্থানীয় আধিপত্য ও মাদকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।