২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গার পাঁচটি রুটে আগামী ২৯ আগস্ট থেকে সব ধরনের আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩০ আগস্টের মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো পূরণ করা না হলে, ৩১ আগস্ট থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকার আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় বাস মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামী ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভার সামনে জেলা পরিবহন মালিক সমিতির কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

পরিবহন শ্রমিকদের প্রধান দাবি হলো, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড মোড়ে ইজিবাইক ও অটোচালক এবং আন্তঃজেলা বাস শ্রমিকদের মধ্যে যে মারামারির ঘটনা ঘটেছে, তার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সাথে যাত্রী তোলা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা রাস্তায় গাড়ি চালাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

এর পাশাপাশি, জেলা প্রশাসনের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ইজিবাইকের নির্দিষ্ট রং নির্ধারণ এবং তা কার্যকর না করা পর্যন্ত লোকাল বাস সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল থাকবে বলে জানানো হয়েছে। দাবি আদায় না হলে ৩১ আগস্ট থেকে দূরপাল্লার রুটেও চুয়াডাঙ্গা থেকে কোনো বাস ছেড়ে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা।