প্রেমের টানে ধর্ম বদলে চীনা যুবককে বিয়ে করলেন বাকেরগঞ্জের ইভা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০১

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসেছেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জিয়াং। তিনি চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। বাংলাদেশে এসে তিনি ধর্ম পরিবর্তন করে জান্নাতুল ইসলাম ইভা নামের এক তরুণীকে বিয়ে করেছেন। ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের বাসিন্দা জাকির হাওলাদারের কন্যা।

জান্নাতুল ইসলাম ইভা জানান, ২০২৪ সালে ঢাকার বসুন্ধরা শপিং মলে মোবাইল ফোন কিনতে গিয়ে তার সঙ্গে জিয়াংয়ের পরিচয় হয়। সেখানে কফি খাওয়ার সময় জিয়াংয়ের সঙ্গে তার আলাপ হয় এবং পরবর্তীতে উইচ্যাট অ্যাপের মাধ্যমে তাদের যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

দীর্ঘ দেড় বছরের সম্পর্কের পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকায় আসেন এবং তাদের প্রথম সরাসরি দেখা হয়। পরদিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে জিয়াং ধর্ম পরিবর্তনের এফিডেভিট সম্পন্ন করেন। এরপর রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর জিয়াংকে নিয়ে ইভা তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জে ফিরে আসেন এবং গত বৃহস্পতিবার তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পর পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

ইভা জানান, জিয়াং গ্রাম ও দেশীয় পরিবেশ খুব পছন্দ করেছেন। ভাষা নিয়ে কিছুটা সমস্যা থাকলেও তারা অনুবাদ অ্যাপের মাধ্যমে যোগাযোগ করছেন। ইভার বাবা জাকির হাওলাদার জানান, তিনি জামাই হিসেবে জিয়াংকে মেনে নিয়েছেন। জিয়াং বর্তমানে এক মাসের বেশি সময় ধরে বাংলাদেশে আছেন এবং পাসপোর্ট সংক্রান্ত কাজ শেষ হলে স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চীনা নাগরিক জিয়াংয়ের বাংলাদেশে আসা এবং বিয়ের বিষয়টি সম্পর্কে তারা অবগত নন। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে এসেছেন কি না এবং বিয়ের বিষয়টি তদন্ত করে দেখা হবে।