যশোরের চৌগাছায় এইচএসসি ২য় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাব্বি চৌগাছার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মো. সেলিম রেজার ছেলে। শনিবার (১ আগস্ট) রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে এবং তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী তার জাতীয় পরিচয়পত্র তৈরির প্রয়োজনে প্রতিবেশী মামাতো ভাই আরাফাত হোসেন রাব্বির সহায়তা চান। সরকারি ছুটি ও উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরেও রাব্বি গত শনিবার সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে আসেন। একপর্যায়ে রাব্বি মেয়েটিকে ভুল বুঝিয়ে শহরের ৪নং ওয়ার্ডের নিরিবিলি পাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লেও পরবর্তীতে বাড়ি ফিরে তার বাবা-মাকে পুরো বিষয়টি জানান। সন্ধ্যায় মা ও মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশের একটি দল রাব্বিকে আটক করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন রাব্বিকে রবিবার যশোর আদালতে পাঠানো হবে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

