রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সংসদ ভবনে আয়োজিত এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সাথে পরামর্শ করে তারিখ নির্ধারণ করার সাংবিধানিক নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে তাদের প্রাথমিক ও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। এটি চূড়ান্ত হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। কমিশন সভায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে চিঠি দিয়েছে।

বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া সংসদ সচিব ও সংসদ সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ খালি হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন এবং সেই পর্যন্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথা অনুযায়ী, নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের এই প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হলো।