ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়া একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় আরও কয়েকজন পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাসপাতালের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে, যার ফলে ঘটনাস্থলেই রফিকুল ইসলামের মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম হাসপাতালের পাশের রেডিসন ব্লু হোটেলে স্টোর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মহাখালীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের বাসটির হাসপাতালের ফটকের সামনে থামার কথা ছিল। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ফটকের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। দেয়ালটি ধসে পড়লে চাপা পড়ে রফিকুল ইসলাম প্রাণ হারান। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার এসআই মশিউর রহমান জানান, চালক কয়েকবার হর্ন দিলেও একজন পথচারী মোবাইল ফোনে ব্যস্ত থাকায় সরে যেতে পারেননি, ফলে তিনি গাড়ির নিচে পড়ে যান। পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির ব্রেক বিকল হয়েই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যার এ ঘটনায় কয়েকজনের আহত হওয়ার তথ্যও দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক।

