বাংলাদেশি নাগরিক ভেবে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ভারতের আসাম রাজ্যের দুই নাগরিককে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া ওই দুই ব্যক্তি হলেন আব্দুল আলিম ও ইসমাইল হাসান। বর্তমানে তারা পুলিশি নিরাপত্তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে কুড়িগ্রাম সীমান্তসংলগ্ন এলাকায় স্থানীয় জেলেরা নদীতে তাদের আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধারের পর তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে পুলিশের হেফাজতে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে এবং তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতাল এলাকায় তাদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
আহত আব্দুল আলিম ও ইসমাইল হাসান নিজেদের ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তাদের ভাষ্যমতে, গত ৪ অক্টোবর সীমান্তবর্তী এলাকায় নিজেদের গরু নদীতে গোসল করানোর সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। তারা নিজেদের পরিচয় দেওয়ার পরও বিএসএফ তাদের মারধর করে এবং বাংলাদেশে চলে যেতে বাধ্য করে। অন্যথায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মৃত ভেবে তাদের বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ফেলে রেখে যাওয়া হয় বলে অভিযোগ করেন তারা। পরে প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
আহতরা জানান, তারা নিজ দেশে ফিরে যেতে চান। তারা কোনো অপরাধ করে থাকলে ভারতের আইন অনুযায়ী বিচার হোক, তবে বিজিবি যেন পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে—এই আহ্বান জানিয়েছেন তারা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানিয়েছেন, গুলিবিদ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখভাল করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের এক কর্মকর্তা জানান, বিষয়টি তারা অন্য মাধ্যমে জেনেছেন এবং আহতরা সুস্থ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে।

