রাজধানী ঢাকায় নারীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু করা হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এই নতুন সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিআরটিসি এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটি জানিয়েছে, গোলাপি রঙের এসব বিশেষ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন শুধুমাত্র নারীরাই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের জন্য গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা এবং পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানের পর নির্ধারিত রুটগুলোতে এসব বাস চলাচল শুরু করবে।
রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

