বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: ড. মঈন খান

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৭। বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে। এই আদর্শকে ধারণ করেই বিএনপি দীর্ঘ ৪৮ বছর ধরে রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে উৎপাদন ও উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন। তার শাসনামলে অর্থনীতিকে উন্মুক্ত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্প ও বৈদেশিক কর্মসংস্থানের বিকাশে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল, যা আজকের বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি।

নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটির মূল লক্ষ্য হলো ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও নরসিংদীর সন্তান মরহুম আবদুল মোমেন খানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এবং তার নেতৃত্বেই নরসিংদীতে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তার লাভ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সবশেষে স্থানীয় সরকারমন্ত্রী বিএনপির ৪৮ বছরের ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।