জুলাই অভ্যুত্থানের ৯ সনাতন শহীদকে নিয়ে গ্রন্থ ‘বিসর্জন’ প্রকাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ৯ জন সনাতন ধর্মাবলম্বীর আত্মত্যাগ ও স্মৃতি সংকলন করে ‘বিসর্জন: জুলাই গণ-অভ্যুত্থানের সনাতন শহীদেরা’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করেছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সোমবার প্রকাশিত এই বইটিকে বাংলা ভাষায় চব্বিশের অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বীদের স্মরণে নির্মিত প্রথম প্রকাশনা হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি গ্রন্থ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। সেই ঐতিহাসিক লড়াইয়ে সনাতন ধর্মের ৯ জন বীর আত্মাহুতি দেন। বইটিতে এই ৯ শহীদের আত্মত্যাগের কথা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। শহীদদের তালিকায় রয়েছেন— শ্রী শুভ শীল, রিয়া গোপ, হৃদয় চন্দ্র তরুয়া, সৈকত চন্দ্র দে, তনয় চন্দ্র দাস, রিপন চন্দ্র শীল, রুদ্র সেন, দীপ্ত দে এবং গঙ্গা চরণ রাজ বংশী।

অভ্যুত্থানে প্রাণ হারানো এসব শহীদের মধ্যে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের পাশাপাশি শিশুও রয়েছে। বিশেষ করে, মাত্র ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের শাহাদাত সে সময়ে পুরো দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। নিজ বাসার ছাদে খেলাধুলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফুটফুটে এই শিশুটি। চব্বিশের অভ্যুত্থানে জীবনদানকারী পাঁচ শতাধিক শহীদের বিভিন্ন স্মৃতিস্মারক বর্তমানে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সযত্নে সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বইটির প্রকাশনা নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, ‘চব্বিশের জুলাইয়ে আমরা দেখলাম, আওয়ামী লীগের তথাকথিত দেশপ্রেমের যে রাজনীতি হয়ে দাঁড়িয়েছিল নিজের ক্ষমতার রক্ষার রাজনীতি। এই ক্ষমতা রক্ষার জন্য নির্বিচারে হত্যা করা হয়েছে সাধারণ মানুষ। ‘বিসর্জন’ প্রকাশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে সনাতন শহীদের কথা সংকলিত হলো। শারদীয় দুর্গা উৎসবে আমরা তাদের স্মরণ করি গভীর মমতা ও ভালোবাসায়।’

৫০ টাকা মুদ্রিত মূল্যের ‘বিসর্জন’ বইটি জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরসহ দেশের বিভিন্ন প্রধান বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে।