কক্সবাজারে জাইকার অর্থায়নে সুগন্ধা পয়েন্ট থেকে হোটেল সায়মন পর্যন্ত উপকূলীয় সড়ক নির্মাণের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটি সৈকতের বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা অক্ষুণ্ণ রেখে পরিকল্পিত, পরিবেশসম্মত এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
রোববার বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিআইপি বলেছে, সৈকতের সংবেদনশীল বালিয়াড়ি অঞ্চল এড়িয়ে বিকল্প স্থানে সড়ক নির্মাণের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন এই এলাকায় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলো, তা স্পষ্ট করা জরুরি। এছাড়া বিকল্প স্থান ও নকশা যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
পরিবেশগত সংকটাপন্ন এলাকায় যেকোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত আইন ও বিধিবিধান অনুসরণ করা বাধ্যতামূলক। এই প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র নেওয়া হয়েছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিআইপির মতে, যথাযথ অনুমোদন ছাড়া সংবেদনশীল এলাকায় নির্মাণকাজ চালানো আইনগত ও পরিবেশগত বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
সংগঠনটি মনে করে, কক্সবাজারের উন্নয়নকে কোনো বিচ্ছিন্ন অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে পরিবহন, পর্যটন, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতার সমন্বিত দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা উচিত। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ঝুঁকি ক্রমেই বাড়ছে, তাই বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদকে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হিসেবে সংরক্ষণ করা অত্যাবশ্যক। উন্নয়নের নামে এসব প্রাকৃতিক সুরক্ষা ধ্বংস করে অবকাঠামো নির্মাণ টেকসই উন্নয়নের পরিপন্থী।
বিআইপি অবিলম্বে চলমান নির্মাণকাজ স্থগিত করে প্রকল্পটির পরিবেশগত, জলবায়ুগত, দুর্যোগ ঝুঁকি ও পরিকল্পনাগত প্রভাবের স্বাধীন ও সমন্বিত পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রকল্পটির পরিবেশগত অনুমোদনের বিষয়টি যাচাই, বালিয়াড়ি ও উপকূলীয় পরিবেশ অক্ষুণ্ণ রেখে বিকল্প স্থান ও নকশা বিবেচনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিআইপিসহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে।
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৯: ৩৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৯: ৩৫

