মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাসমূহের সমন্বয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ জনগণের সাভার জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন ও পুষ্পস্তবক অর্পণকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের অংশ হিসেবে সাভার স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে।
বিজয় দিবস উপলক্ষে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে এসবি (Special Branch) সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গভবনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান, সোহরাওয়ার্দী উদ্যান এবং দেশের অন্যান্য অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে ঢাকা থেকে সাভার যাওয়ার মূল সড়ক এবং স্মৃতিসৌধের আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। জরুরি সেবা নিশ্চিত করতে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ সকল অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নি নির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

