সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করা ‘এমভি কেপ দাও’ নামের একটি বাল্ক ক্যারিয়ার ওমান উপকূলে মিসাইল হামলার কবলে পড়েছে। বুধবার ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজটিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
জাহাজটির প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত মো. আমান উল্লাহ হামলার সময় নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করছিলেন। তিনি মেরিন ফিশারিজ একাডেমির ১৫তম ব্যাচের সাবেক ক্যাডেট। হামলার তীব্রতায় জাহাজের পেছনের দিকে ইঞ্জিন ও আবাসন এলাকার কাছে পরপর দুটি আঘাত লাগে। এতে প্রকৌশলী আমান উল্লাহর কেবিন ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিজের কর্মস্থলে থাকায় প্রাণে বেঁচে যান।
ঘটনার সময় আমান উল্লাহ তাঁর ছেলে সাকিব আমানকে হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। এতে তিনি বলেন, ‘আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু। সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে এই কথা বলার দরকার নাই।’ সাকিবের মা অডিওটি শুনতে পেলে মানসিকভাবে ভেঙে পড়েন।
ওমানের সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার ফলে জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। রয়্যাল নেভি অব ওমান দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মোট ২৭ নাবিককে জীবিত উদ্ধার করে। তবে এ ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিহত নাবিক ভারতীয় এবং জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।
সাকিব আমান জানিয়েছেন, হামলার পর কিছু সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও বর্তমানে তাঁর বাবা নিরাপদে আছেন এবং তাঁকে ওমানে সরিয়ে নেওয়া হয়েছে। সাকিব নিজেও বাংলাদেশ মেরিন একাডেমির ৫৩তম ব্যাচের ক্যাডেট ও জুনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। বাবার উদ্ধারের খবরে পরিবার কিছুটা স্বস্তি পেলেও সেই কয়েক মিনিটের অনিশ্চয়তার মুহূর্তটি তাদের জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক।

