বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বুধবার এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) এই চুক্তি সই হওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি সইয়ের পর বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এই নতুন চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং ইউরোপীয় জায়ান্ট এয়ারবাসের মধ্যে চলমান প্রতিযোগিতার মধ্যেই এই সিদ্ধান্ত এলো। নতুন এই ১১টি উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি বিমানের আগের ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তির অতিরিক্ত হিসেবে গণ্য হবে।

গত এপ্রিলে সম্পাদিত আগের চুক্তি অনুযায়ী আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় ৪৫ হাজার কোটি টাকার ওই ১৪টি উড়োজাহাজ ২০৩১ সালের নভেম্বর থেকে ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন এই চুক্তির ফলে বোয়িং থেকে সংগ্রহ করা মোট উড়োজাহাজের সংখ্যা ২৫-এ উন্নীত হবে।

এর আগে গত ৩০ আগস্ট দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছিলেন যে, বোয়িং থেকে বিমানের অতিরিক্ত উড়োজাহাজ কেনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অভূতপূর্ব সমঝোতা হয়েছে। পরবর্তীতে ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশকে আশ্বস্ত করেন যে বোয়িং কর্তৃপক্ষ হতাশ করবে না।