যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেন।
সার্জিও গোরের ভাষ্যমতে, এই চুক্তির আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কতটি বা কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। এছাড়া চুক্তিটির মোট আর্থিক মূল্য কত, সেটিরও কোনো হিসাব প্রকাশ করা হয়নি। সার্জিও গোরের এই বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ৩০ জুলাই ঢাকা সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের এই বিশেষ দূত। সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তার সফরে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সেই সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বোয়িং কেনার বিষয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা, তা স্পষ্ট করা হয়নি। গোর জানিয়েছেন, আগের প্রাথমিক ক্রয়াদেশটিও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনার সময় বাংলাদেশ বোয়িং কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে প্রাথমিকভাবে ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে ২৫টিতে উন্নীত করা হয়েছিল।

