দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি বাংলাদেশ ও জাপানের

বাণিজ্য, অবকাঠামো, গভীর সমুদ্র বন্দর এবং বৈদেশিক বিনিয়োগ খাতে অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এ কথা জানান।

জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ স্তরে উন্নীত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশি জনগণের হৃদয়ে জাপান সবসময় একটি বিশেষ স্থান দখল করে আছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর জাপান বাংলাদেশকে স্বীকৃতিদানকারী অন্যতম প্রথম দেশ। গত পাঁচ দশকে জাপান বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়নে মূল্যবান অংশীদার হিসেবে কাজ করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মূল ক্ষেত্রগুলোতে বেশ কিছু সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। তিনি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপের অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানান। তার লক্ষ্য হলো দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে অর্থনৈতিক সুযোগের শক্তিশালী ইঞ্জিনে রূপান্তর করা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, গত ৫০ বছরে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বাংলাদেশকে জাপানের বিশ্বস্ত ও দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপান সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।