রাজধানীর আরও ৫০টি স্পটে অটোমেটিক ট্রাফিক লাইন ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে রাজধানী ঢাকার বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার সৃষ্ট বায়ু দূষণ রোধে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও সড়কে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের বিষয়টিও আলোচনার কেন্দ্রে ছিল। যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব এসেছে, যা বর্তমানে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার কার্যকারিতার মতো কাজ করবে।
উক্ত বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

