সিরাজগঞ্জের রায়গঞ্জে আজ শনিবার বিকেলে বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ধানগড়া বাজারে একটি সভায় অংশ নিয়ে ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। এ ঘটনায় সংসদ সদস্যের গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণের স্থান নির্ধারণ নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে ধানগড়া বাজারে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যা ছয়টার দিকে সংসদ সদস্য আয়নুল হক এলাকা ছাড়ার সময় কিছু বাসিন্দা তাঁর গাড়ি আটকে দেন। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পরে পুলিশ ও দলের নেতা-কর্মীদের সহায়তায় তিনি গাড়ি নিয়ে চান্দাইকোনার দিকে চলে যান।
ঘটনার পরপরই সংসদ সদস্যের সফরসঙ্গী ফয়সাল আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকেও এই ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপিকে দায়ী করা হয়েছে। হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেছেন। এদিকে, ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন জড়ো হয়ে এলাকায় টিটিসি নির্মাণের দাবিতে পাল্টা মিছিল করেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজা বলেন, কোনো ঘটনা ঘটলেই জামায়াতের ওপর দোষ চাপানো বিএনপির পুরোনো অভ্যাস। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান জানানো হবে বলে তিনি জানান।
সংসদ সদস্য আয়নুল হক হামলার ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচার চেয়ে মিছিল করেছেন বিএনপির নেতা–কর্মীরা।.আয়নুল হক সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য।

