মাদক ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির বরখাস্ত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ৩১ অক্টোবর শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এতে সই করেছেন। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় অবস্থিত পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান পরিচালনা করে। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওই সময়ে বাসাটিতে অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযানের সময় সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছিল।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি। এই ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।