মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথমবারের মতো অফিস করবেন। নির্ধারিত সময় অনুযায়ী, এদিন দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে গিয়ে তার কার্যক্রম শুরু করবেন। রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে তিনি পদত্যাগ করেন। তার পদত্যাগের দিনই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে (স্মারক বই) মন্তব্য লেখেন এবং তাতে সই করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাভার থেকে ফিরে এদিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।