ডিসেম্বরে দেশে ফিরলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার যে প্রচারণা চালানো হচ্ছে, তা নিয়ে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “তারা বলছে ডিসেম্বরে দেশে আসবে। আমরা অপেক্ষা করছি। দেশে আসুন, ইনশাল্লাহ রাজপথে দেখা হবে।”

অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গুম, খুন, নির্যাতন ও অর্থ পাচারের মতো গুরুতর সব অভিযোগ থাকার পরও দলটির মধ্যে কোনো অনুশোচনার লক্ষণ দেখা যায়নি। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখন ৮২ বছর বয়সেও দেশের প্রয়োজনে আবারও লড়াই করতে তিনি প্রস্তুত রয়েছেন।

জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, তাদের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। সরকারের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার এবং যথাযথ সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাইয়ের আন্দোলনও গণতন্ত্রের জন্য পরিচালিত হয়েছে। তার মতে, নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা বজায় থাকলেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে বলে তিনি মন্তব্য করেন।