চট্টগ্রামে ৭০ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারণার সন্দেহ

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার জালালাবাদ আবাসিক এলাকার একটি বহুতল ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই আবাসিক এলাকার একটি ভবনের আটতলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) এবং খুলশী থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ আবাসিক এলাকার ওই ভবনে অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা একটি বড় অনলাইন প্রতারক চক্রের সদস্য। উদ্ধার করা ডিভাইসগুলো ব্যবহার করে তাঁরা বিভিন্ন ধরনের ডিজিটাল জালিয়াতি করে আসছিলেন। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতেও কক্সবাজার শহরের একটি হোটেল থেকে অনলাইন প্রতারণার অভিযোগে ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজন চীনের এবং একজন তাইওয়ানের নাগরিক ছিলেন। সে সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ এবং অন্যান্য যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।

কক্সবাজারের রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়েছিল। পরবর্তী সময়ে ওই ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছিল, চীন ও তাইওয়ানের কয়েক শ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেলে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তবে বিপুল পরিমাণ আইফোন ব্যবহারের মূল উদ্দেশ্য ও এই চক্রের বিস্তারিত তথ্য এখনো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।