দেশে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ: সংসদে জানালেন শিল্পমন্ত্রী

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আওতাধীন সারাদেশে বর্তমানে ৩৮১টি শিল্প কারখানা রুগ্ন বা বন্ধ অবস্থায় রয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়েছেন।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিসিকের আওতাধীন সারাদেশে ৮৪টি শিল্পনগরীতে মোট ১১ হাজার ৭৪৮টি শিল্পপ্লট রয়েছে। এর মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৩৮১টি কারখানা বর্তমানে বন্ধ বা রুগ্ন। তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২২টি কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

শ্যামপুর শিল্পাঞ্চলের বিষয়ে সৈয়দ জয়নুল আবেদীনের সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বিসিক শিল্পনগরীর বাইরের কারখানার তথ্য তাদের কাছে নেই। শ্যামপুর এলাকায় বিসিআইসি সংশ্লিষ্ট শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি কারখানা রয়েছে এবং উভয় প্রতিষ্ঠানই বর্তমানে বন্ধ রয়েছে।