দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এবং ১৫টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে এবং মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়। এর আগে সোমবার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত সায়েমকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. জাকির হুসাইন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
একইসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. এমতাজ হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জি এম শফিউর রহমান, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোছা. নুর মহল আখতার বানু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক সালমা বেগম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. তারিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এ বি এম সাইফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আনিছুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আতাউর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আবদুস সোবাহান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. শফিকুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যাপক মো. আখতার হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. নওশের ওয়ান উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে এবং নিযুক্ত উপাচার্য ও উপ-উপাচার্যরা চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৭ জুলাই) রাতে এবং মঙ্গলবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথকভাবে এসব প্রজ্ঞাপন জারি করে।

