ভোটের মর্যাদা রক্ষায় ১৯ সেপ্টেম্বর ১১ দলের লংমার্চ, পলাশবাড়ীতে প্রস্তুতি সভা

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ২৬

ভোটের মর্যাদা রক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের চলমান সংকট নিরসনের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। লংমার্চের অংশ হিসেবে ওই দিন শনিবার বিকেল ৪টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় একটি পথসভা অনুষ্ঠিত হবে।

এই লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা পৌর জামায়াত কার্যালয়ে সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে এবং জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় দেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার আদায়ের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকে। আসন্ন ১১ দলীয় ঐক্যের লংমার্চ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং দেশের মানুষের ভোটের মর্যাদা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি সরকারকে জনগণের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে বলেন, গণআকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে দেশকে সঠিক পথে পরিচালনা করতে হবে। অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপেরহাট পর্যন্ত পূর্বের রাস্তায় লংমার্চ বহরকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সুশৃঙ্খলভাবে লংমার্চ বহর যাতে রংপুর পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেজন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পলাশবাড়ীতে অনুষ্ঠিতব্য পথসভাকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাতে হবে। প্রস্তুতি সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী চৌমাথায় লংমার্চের পথসভার নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা জেলার সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার। এ ছাড়া সভায় জেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ফাহিম মন্ডল, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, দিনাজপুর জেলার সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য খায়রুল আমিন, সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি নুরুন্নবী প্রধান, গাইবান্ধা পৌর আমির অধ্যাপক ফেরদৌস আলম, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি আবুল হোসেন নয়া মিয়া এবং শিবিরের জেলা অফিস সেক্রেটারি মো. মিজানুর রহমানসহ জামায়াতের উপজেলা আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতিরা এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি ও সেক্রেটারিরাও সভায় অংশ নেন।

লংমার্চ ও পলাশবাড়ীর পথসভা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবুকে আহ্বায়ক এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় কমিটিও গঠন করা হয়েছে।