ফ্রান্সের ২৩৭তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার দুপুরে ঢাকায় অবস্থিত ফ্রান্স দূতাবাসে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই শুভেচ্ছাপত্র হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সৌজন্য সাক্ষাতের সময় ফরাসি রাষ্ট্রদূতের কাছে জামায়াতে ইসলামীর আমিরের পাঠানো এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়। শুভেচ্ছাপত্রে ফ্রান্সের সরকার ও দেশটির জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।
উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে চিঠিতে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হয়েছে। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়েও আলোচনা হয়। ফরাসি রাষ্ট্রদূত শুভেচ্ছাপত্রটি সাদরে গ্রহণ করেন এবং এ জন্য ধন্যবাদ জানান।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে জামায়াতে ইসলামীর আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

