গেমার এবং কনটেন্ট নির্মাতাদের কথা মাথায় রেখে দেশের বাজারে নতুন গেমিং মনিটর নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট। মডেলটির নাম গিগাবাইট জিও২৭কিউ২৪এ। ২৭ ইঞ্চির এই কিউডি-ওএলইডি (QD-OLED) মনিটরটির বর্তমান বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার টাকা।
মনিটরটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাংয়ের উন্নত কিউডি-ওএলইডি প্যানেল। এটি কিউএইচডি (২,৫৬০×১,৪৪০) রেজল্যুশন সমর্থন করে এবং এতে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম রয়েছে। এই ডিসপ্লেটি ৯৯ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর সাপোর্ট করে এবং ১.০৭ বিলিয়ন রঙ প্রদর্শনে সক্ষম। এছাড়া এইচডিআর১০ সমর্থন এবং প্রায় ১৫ লাখ:১ কনট্রাস্ট রেশিও থাকায় এটি ব্যবহারকারীকে প্রাণবন্ত ছবি, গভীর কনট্রাস্ট এবং উচ্চমানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে।
প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য মনিটরটিতে যুক্ত করা হয়েছে এআই ব্ল্যাক ইকুয়ালাইজার, আল্ট্রা ক্লিয়ার মোশন, ওএলইডি ভিআরআর অ্যান্টি-ফ্লিকার এবং ট্যাকটিক্যাল সুইচ ২.০ প্রযুক্তি। এই ফিচারগুলো দ্রুতগতির গেমে মসৃণ অভিজ্ঞতা এবং উন্নত ভিজিবিলিটি নিশ্চিত করবে। সংযোগ সুবিধার জন্য এতে দুটি এইচডিএমআই ২.১, একটি ডিসপ্লেপোর্ট ১.৪ এবং একটি হেডফোন জ্যাক রয়েছে, যার ফলে গেমিং পিসি, প্লেস্টেশন ৫ কিংবা এক্সবক্স সিরিজ এক্সের মতো ডিভাইসগুলো সহজেই সংযুক্ত করা সম্ভব।
গিগাবাইট বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, মনিটরটির স্ট্যান্ডটি সামনে-পেছনে কাত করা, ডানে-বামে ঘোরানো এবং ৯০ ডিগ্রি ঘুরিয়ে খাড়াভাবে ব্যবহারের সুবিধা দেয়। পাশাপাশি এতে ভেসা (VESA) ১০০×১০০ মাউন্ট সমর্থন থাকায় এটি দেয়ালেও স্থাপন করা যাবে।
গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান জানান, যারা ই-স্পোর্টস গেমিং, ভিডিও সম্পাদনা কিংবা গ্রাফিক্স ডিজাইনের মতো কাজে প্রিমিয়াম ভিজ্যুয়াল অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্যই এই মনিটরটি তৈরি করা হয়েছে। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশের বাজারে গিগাবাইটের অনুমোদিত পরিবেশক হিসেবে মনিটরটি বাজারজাত করছে।
উল্লেখ্য, ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কারণে প্রতি সেকেন্ডে স্ক্রিনের ছবি ২৪০ বার হালনাগাদ হয়। এর ফলে দ্রুতগতির গেমিং বা ভিডিওতে ছবির মসৃণতা বৃদ্ধি পায় এবং মোশন ব্লার ও স্ক্রিন টিয়ারিং উল্লেখযোগ্য হারে কমে আসে।

