জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে ৪-এর মধ্যে ৪ সিজিপিএ অর্জনের বিরল কৃতিত্ব দেখিয়েছেন সৈয়দ ফাতেহ উদ্দিন আহম্মেদ (অনিক)। পড়াশোনার পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিউক্লিয়ার রেডিয়েশনবিষয়ক গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। একই সঙ্গে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
নিজের এই সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমতের পাশাপাশি বাবা-মায়ের দোয়া, স্ত্রীর অনুপ্রেরণা ও শিক্ষকদের দিকনির্দেশনাকে মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন অনিক। তিনি মনে করেন, সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যবসায় এবং লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প থাকলে যেকোনো প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া সম্ভব।
ভবিষ্যতে নিজেকে একজন দক্ষ পরমাণুবিজ্ঞানী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন তিনি। নিউক্লিয়ার বিজ্ঞান ও রেডিয়েশন প্রযুক্তি নিয়ে গবেষণার মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে অবদান রাখাই তার প্রধান লক্ষ্য। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে গবেষণায় যুক্ত হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান তিনি।
পদার্থবিজ্ঞানে নিজের আদর্শ হিসেবে স্যার আলবার্ট আইনস্টাইনকে বেছে নিয়েছেন অনিক। তার বৈজ্ঞানিক চিন্তাধারা, কৌতূহল এবং মানবকল্যাণে বিজ্ঞানের প্রয়োগের দৃষ্টিভঙ্গি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
বাংলাদেশের পদার্থবিজ্ঞানের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ জ্ঞান-গবেষণার দিক থেকে একটি বিশাল ক্যানভাসের মতো। পরমাণু শক্তি, ন্যানোপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর এবং মেডিকেল ফিজিকস—এই খাতগুলোতে সঠিক পরিকল্পনা ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে পারলে বাংলাদেশ বিশ্বে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তার এই অর্জন তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

