ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় হামলার প্রস্তুতি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এবার কোনো হামলা হলে তা শুধু ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র বা সামরিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং দেশটির জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্রগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এটি একটি বড় ধরনের অভিযান হতে পারে।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না তার চেয়ে বড় প্রশ্ন হলো—তিনি কবে সেই নির্দেশ দেবেন। তাদের ধারণা, চলতি বছরের শেষ হওয়ার আগেই এমন নির্দেশ আসতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এই সম্ভাবনা আরও বেশি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশল সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি ওয়াকিবহাল, যার ফলে লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে। ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন। যদিও অতীতেও তাকে কোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে শেষ মুহূর্তে সরে আসতে দেখা গেছে।

এদিকে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে সতর্ক করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে। এতে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনা ছাড়াও অন্য অঞ্চলে হামলার আশঙ্কা রয়েছে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে।

এই উত্তেজনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্য দূতাবাসগুলোতেও একই ধরনের নির্দেশনা যেতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে পাঠানোর কথা ছিল এমন কিছু অপ্রয়োজনীয় মার্কিন সামরিক কর্মীর মোতায়েনও স্থগিত করা হয়েছে।