যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি বড় ধরনের জয় পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে রিপাবলিকান দলকে পেছনে ফেলে ডেমোক্র্যাটরা সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এই ফলাফলের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছর আইন প্রণয়ন ও নীতিনির্ধারণের ক্ষেত্রে হোয়াইট হাউস বড় ধরনের রাজনৈতিক বাধার মুখে পড়তে যাচ্ছে।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সিনেটে অন্তত ৫৩টি আসন নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে দলটি ২২৪টি আসনে জয় পেয়েছে। এর ফলে চার বছর পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা। যদি হাকিম জেফরিস দলের পক্ষ থেকে স্পিকার নির্বাচিত হন, তবে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার।
১০০ সদস্যের মার্কিন সিনেটে এবার ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৩৩টি ছিল নিয়মিত এবং দুটি বিশেষ নির্বাচন। ভোটের আগে রিপাবলিকানদের দখলে ছিল ৫৩টি আসন এবং ডেমোক্র্যাটদের সঙ্গে জোটবদ্ধ দুই স্বতন্ত্র সিনেটরসহ বিরোধী জোটের ছিল ৪৭টি আসন।
নির্বাচনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে ডেমোক্র্যাটরা জয়লাভ করেছে। টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে সিনেটর হয়েছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। দক্ষিণ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজ পরাজিত করেছেন প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের বোন ডারলিন গ্রাহামকে। কানসাসে অ্যাডাম হ্যামিল্টন হারিয়েছেন রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে। এ ছাড়া নর্থ ক্যারোলাইনায় রয় কুপার, ওহাইওতে শেরড ব্রাউন এবং আইওয়ায় জশ টুরেক নিজ নিজ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জয় পেয়েছেন। মেইনেও দলটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে।
সিনেটের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। কারণ, বিচারপতি নিয়োগ ও কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে প্রেসিডেন্টের মনোনয়ন অনুমোদনে সিনেটের বড় ভূমিকা থাকে। পাশাপাশি, প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর তদন্ত, শুনানি ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও ডেমোক্র্যাটদের সুযোগ অনেক বৃদ্ধি পাবে।
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১২: ২৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২: ৩৫

