যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি দলটির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একাধিক আসনে হেরে গেছে তারা। বিপরীতে বিশাল জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের এই ফলাফলের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খোলামেলাভাবে স্বীকার করেছেন যে, যুদ্ধের কারণেই নির্বাচনে তাদের পরাজিত হতে হয়েছে। ট্রাম্প নিজেও ভ্যান্সের এই পর্যবেক্ষণকে অনেকাংশে সত্য বলে মেনে নিয়েছেন। বর্তমানে ট্রাম্পের প্রতি মার্কিন জনসমর্থন নেমে এসেছে ৩৮ শতাংশে।
নির্বাচনী বিপর্যয়ের পর ইরানের বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই নতুন করে যুদ্ধের দিকে না যাওয়ার ইঙ্গিত দিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র প্রায় সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে এবং আপাতত সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। কিন্তু গত বৃহস্পতিবারের এক বক্তব্যে তিনি আবার সামরিক অভিযানের ইঙ্গিত দিয়ে বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না তিনি, তবে পরিস্থিতির বাধ্যবাধকতায় শেষ পর্যন্ত হয়তো সেই পথেই হাঁটতে হতে পারে। আগামী জানুয়ারির শুরুতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হওয়ার আগেই ইরান নীতি নিয়ে ওয়াশিংটনকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
প্রশাসন ও দলের ভেতরেও এ নিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ভ্যান্স হয়তো ট্রাম্পের বর্তমান নীতি থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিতে চাইছেন। ভোটারদের আস্থা ফিরে পেতে যুদ্ধ বন্ধ করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, 'আমেরিকা ফার্স্ট' নীতিতে ফেরা এবং ইসরাইলের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর তাগিদ দিচ্ছেন তিনি। ব্যক্তিগত আলোচনায় ভ্যান্স ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর ইরাননীতির কড়া সমালোচনা করেছেন এবং নেতানিয়াহুর কৌশলকে প্রায় সব ক্ষেত্রে ভুল বলে মনে করেন। এতে বোঝায় যাচ্ছে, সামরিক শক্তিতে তেহরানকে দমনের যে পথ নেতানিয়াহু সমর্থন করে আসছেন, তার কার্যকারিতা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যেও ক্ষোভ ও সংশয় বাড়ছে।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের ফলে তেহরানের রাজনৈতিক অবস্থান আরও জোরালো হয়েছে। তবে ট্রাম্পের সামনে সবচেয়ে বড় সমস্যা হলো, ইরানের সঙ্গে সংঘাতের সমাপ্তি কখন এবং কীভাবে হবে, সেই সিদ্ধান্ত একা ওয়াশিংটনের হাতে নেই। ইরান বারবার সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সীমিত বা দীর্ঘমেয়াদি যেকোনো হামলা চালালেই কড়া জবাব দেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না মেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আঞ্চলিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় কাতার, তুরস্ক, মিসর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও নতুন কোনো সংঘাত চায় না। ফলে তারা একটি অন্তর্বর্তীকালীন সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাস্তবতা হলো, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরাইলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেও যুক্তরাষ্ট্র নিজেদের কৌশলগত উদ্দেশ্য পূরণ করতে পারেনি। কোনো স্পষ্ট লক্ষ্য না থাকায় মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন পদক্ষেপ নেওয়া থেকেও ওয়াশিংটন বিরত ছিল। এখন ইরান চাইছে গত জুন মাসে ভেঙে যাওয়া অন্তর্বর্তী সমঝোতার ওপর ভর করেই আলোচনা শুরু হোক। তেহরান এজন্য যে সাত দফা দাবি দিয়েছে, তার মধ্যে রয়েছে সংঘাত বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, অবরুদ্ধ মার্কিন অবরোধ প্রত্যাহার, বিদেশে আটকে থাকা অর্থ ছাড় এবং ক্ষতিপূরণ প্রদান। এই দাবি মেনে নিলে হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হবে, যদিও ওমানের সঙ্গে সমন্বয় করে সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে চায় তারা। এর পরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে রাজি তেহরান। সব মিলিয়ে সামরিক শক্তিতে চাপ সৃষ্টির পথ ব্যর্থ হওয়ায় কূটনৈতিক সমঝোতার গুরুত্ব বাড়লেও ট্রাম্প রাজনৈতিকভাবে কোন পদক্ষেপ নেবেন, তা এখনও অনিশ্চিত।
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

