হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

এই সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় ওই অঞ্চল দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইনযুক্ত এলাকায় দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া মার্কিন মেরিন সদস্যরা একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ওই অঞ্চল দিয়ে তেল, গ্যাস কিংবা রাসায়নিক সার রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। বাহিনীটির দাবি, গত কয়েক ঘণ্টায় প্রণালি অতিক্রমের চেষ্টাকারী চারটি জাহাজকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিহত করা হয়েছে।

গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বাড়ছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) ভোরে ইরানের হরমুজগান প্রদেশে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এছাড়া হামলায় দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আরও কয়েক দিন হামলা চালিয়ে যায়, তবে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে বাধ্য হবে।