কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

কানাডা থেকে আমদানিকৃত প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে টানা তিন দিন ধরে বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলার পরও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নিলো মার্কিন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই দেশের আলোচকদের জন্য শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময় পেরিয়ে যাওয়ার পর উভয় পক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি।

এই নতুন শুল্কের বিষয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডাকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব করার একটি বড় সুযোগ হাতছাড়া করেছে। তার ভাষ্যমতে, চলতি সপ্তাহের শুরুতে উভয় পক্ষ যেসব শর্তে সম্মত হয়েছিল, সেগুলোর ভিত্তিতে চুক্তি চূড়ান্ত করতে কানাডা শেষ পর্যন্ত রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার দেশও পাল্টা ব্যবস্থা হিসেবে একই পরিমাণ শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে কার্নি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে কানাডা অনেক দূর এগিয়েছিল, তবে কানাডাবাসীর স্বার্থ রক্ষার জন্য সেই অগ্রগতি যথেষ্ট ছিল না।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক কানাডা থেকে দেশটিতে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৫ শতাংশের ওপর প্রভাব ফেলবে। এর আওতায় থাকা উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক সরঞ্জাম, শিল্পযন্ত্র এবং বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য।