গত শুক্রবার জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন মার্কিন সেনা এখনো নিখোঁজ রয়েছেন। জর্ডানে মার্কিন সেনাদের ওপর এই হামলার প্রতিক্রিয়ায় ইরানে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার ইরানে এই নতুন বিমান হামলা চালানো হয়েছে। ইরানি স্থানীয় সময় রোববার রাত দেড়টা থেকে এই সামরিক অভিযান শুরু হয়। এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন স্থাপনা।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা দুর্বল করা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার সাথে জড়িত আইআরজিসি সদস্যদের দ্রুত শাস্তি প্রদানই এই অভিযানের মূল উদ্দেশ্য। এর আগে ১৭ জুলাই জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় সেন্টকম ও মিত্র বাহিনীর অভিযানে দুই মার্কিন সেনা নিহত হন।
জর্ডানের ঘটনায় আহত চার মার্কিন সেনাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং সামান্য আহত অন্য সেনারাও চিকিৎসা শেষে নিজ নিজ দায়িত্বে ফিরে গেছেন।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, রোববার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আজ রোববার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) ইরানে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে।

