ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

ইউক্রেন এবং রাশিয়ার নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই প্রাণঘাতী হামলার মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত একটি অবকাশ যাপন কেন্দ্রে চালানো হামলাটিও অন্তর্ভুক্ত রয়েছে।

রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ইয়েভগেনি বালিটস্কির তথ্যমতে, গত শুক্রবার রাতে জাপোরিঝিয়ার রুশ নিয়ন্ত্রিত অংশে অবস্থিত অবকাশ যাপন কেন্দ্রগুলোতে ইউক্রেনীয় বাহিনীর সম্ভাব্য হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় রুশ কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলাটি আজভ সাগরের তীরবর্তী কিরিলিভকা গ্রামে আঘাত হানে, যা যুদ্ধ শুরুর পরপরই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। গভর্নর বালিটস্কি ইউক্রেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন। তিনি আরও জানান, এই হামলায় তিন শিশুসহ আরও ১৪ জন আহত হয়েছেন। তবে ইউক্রেন এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে শনিবার ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ জানিয়েছেন, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের সুমি অঞ্চলে একটি বেসামরিক স্থাপনায় রুশ ড্রোন আঘাত হানার পর সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই হামলায় ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার সেবা প্রতিষ্ঠান 'নোভা পোশতা'-র তিনজন চালক নিহত হয়েছেন।

উল্লেখ্য, এই রক্তক্ষয়ী হামলাগুলো এমন এক সময়ে ঘটলো, যার মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার নিয়মিত ভাষণে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি গোয়েন্দা তথ্যের বরাতে জানান যে, ইউক্রেনে একটি বড় ধরনের রুশ হামলা আসন্ন।