অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি ও বাণিজ্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে লন্ডন ও তেল আবিবের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পদক্ষেপের জবাবে ক্ষুব্ধ ইসরায়েল পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার থেকেও ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দুই দেশের এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে কয়েক দশকের মধ্যে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় এসে দাঁড়িয়েছে।
যুক্তরাজ্যসহ বিশ্বের মোট ১২টি দেশ পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, ফ্রান্স ও কানাডা। যদিও পশ্চিম তীরের এসব বসতিতে উৎপাদিত পণ্য ইসরায়েলের মোট রপ্তানি আয়ের বড় কোনো অংশ নয়, তবে এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে দীর্ঘ বছর ধরে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ এই বসতিগুলোকে অবৈধ বললেও কখনো পণ্য আমদানির ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি। ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্বকে বেআইনি ঘোষণা করার পর যুক্তরাজ্য সেই রায়ের প্রতি সমর্থন জানায়।
যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার আওতা কেবল পণ্য আমদানিতেই সীমাবদ্ধ নয়। বসতিগুলোয় নির্মাণকাজ, অবকাঠামো উন্নয়ন ও অর্থায়নে যুক্ত থাকা বিভিন্ন কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের কাছে এমন সব অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ দেওয়া হয়েছে, যা তাদের এই দখলদারত্বকে এগিয়ে নিতে সরাসরি সহায়তা করে। ব্রিটিশ সরকারের এই কড়া নীতিকে দেশটির পররাষ্ট্রনীতিতে এক ‘নতুন শুরুর’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। নিজে একজন গর্বিত ব্রিটিশ ইহুদি এবং ইসরায়েলের অবিচল সমর্থক হওয়া সত্ত্বেও মিলিব্যান্ড বসতি স্থাপনকারীদের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের জন্য এরাই দায়ী। আর ইসরায়েল সরকার এ বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে, এটা সত্যিই বিস্ময়কর।’
ইসরায়েলের নেওয়া পাল্টা পদক্ষেপগুলোর মধ্যে পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট বন্ধের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই কনস্যুলেটটি মূলত পশ্চিম তীরে অভিবাসনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করত এবং রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। অন্যদিকে, গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রমের সমন্বয় ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে গত বছর প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার থেকে ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়াকেও একটি অত্যন্ত বৈরী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। লন্ডনের নীতিনির্ধারকেরা জানতেন যে তাদের নীতিতে এমন নাটকীয় পরিবর্তনের পর তেল আবিব থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে, তবে ইসরায়েলের প্রতিক্রিয়া যে এত দ্রুত ও তীব্র হবে, তা হয়তো তারা আশা করেননি।
এই নিষেধাজ্ঞা ও কূটনৈতিক টানাপোড়েন ইসরায়েলের অভ্যন্তরেও উদ্বেগ বাড়াচ্ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গত বছরই বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলকে ‘আন্তর্জাতিকভাবে একঘরে রাষ্ট্রে’ পরিণত করার অভিযোগ তুলেছিলেন। যদিও অনেক ইসরায়েলি এই বক্তব্যের সঙ্গে একমত নন, তবে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাড়তে থাকা চাপ তারা ঠিকই অনুভব করছেন। ইউরোভিশন বা বিভিন্ন ক্রীড়া আসরে প্রতিবাদ, নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং এখন বসতিগুলোর পণ্যের ওপর নিষেধাজ্ঞার মতো ঘটনাগুলো ইসরায়েলিদের আত্মরক্ষামূলক মনোভাবের দিকে ঠেলে দিচ্ছে। অনেক ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতাকে দেশের জন্য লজ্জাজনক মনে করলেও ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা ভূখণ্ডকে অবৈধ মনে করেন না।
ফিলিস্তিনিদের জন্য অবশ্য এই সিদ্ধান্ত এক বড় কূটনৈতিক বিজয়। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জোমলট একে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ব্রিটেনের সাহসী পদক্ষেপগুলো ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার পথ সুগম করতে সহায়তা করবে।’ তবে বাস্তবে ৫৯ বছরের এই দখলদারত্ব অবসানের সম্ভাবনা এখনো বেশ ক্ষীণ। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ওপর প্রভাব খাটানোর মূল ক্ষমতা রয়েছে কেবল যুক্তরাষ্ট্রের হাতে। ১৯৯১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী আইজ্যাক শামিরের সরকারের জন্য ১০ বিলিয়ন ডলারের ঋণের নিশ্চয়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন, যাতে ওই অর্থ ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনে ব্যবহার করা না হয়। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত নেতানিয়াহুর এই বসতি স্থাপন প্রক্রিয়া ঠেকানোর বিষয়ে কোনো আগ্রহ দেখাননি।

