ইরান কথা না শুনলে বড় হামলার হুমকি দিলেন ট্রাম্প

কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানকে একটি পূর্ণাঙ্গ পারমাণবিক চুক্তিতে ফিরিয়ে আনা এবং হরমুজ প্রণালি পুনরায় সচল করার চেষ্টা চলছে। তবে এই আলোচনার সুযোগ যদি ব্যর্থ হয়, তবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানে নামার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।

বর্তমানে মূলত ইরান ও ওমানের মধ্যে এই আলোচনা চলমান রয়েছে। তবে এই প্রক্রিয়ায় কাতার, পাকিস্তান, মিসর এবং ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ট্রাম্প জানান, ইরানের সঙ্গে তাদের বেশ গভীর আলোচনা চলছে। তবে কূটনীতিকে তিনি খুব বেশি সময় দিতে নারাজ। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, এই সমস্যার সমাধান খুব দ্রুত হতে হবে, অন্যথায় কোনো সমাধানই হবে না। আলোচনার ব্যর্থতায় তিনি আবারও সামরিক পথে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে মধ্যস্থতা করা সব মানুষ তাকে হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন যে, তিনি মনে করেন ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে ট্রাম্প বলেন, এতে কিছু পাওয়ারও নেই, হারানোরও কিছু নেই। তিনি আরও উল্লেখ করেন যে, তার এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পেয়েছে এবং শেয়ারবাজারের পরিস্থিতি ঊর্ধ্বমুখী হয়েছে।