হরমুজে সহায়তা না দেওয়া দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ চায় ট্রাম্প

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের সঙ্গে আলোচনায় বসা বা সমঝোতায় যাওয়ার বিষয়টি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে, যদিও এ বিষয়ে মার্কিন প্রশাসনের অবস্থান উন্মুক্ত রয়েছে।

একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহন নিরাপদ ও স্বাভাবিক রাখার বিষয়ে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, যেসব দেশ এই নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে না, তাদের কাছ থেকে মার্কিন প্রশাসন অর্থ পরিশোধ বা ক্ষতিপূরণ আদায়ে বাধ্য থাকবে।

এর আগে গত রোববার আয়ারল্যান্ড সফরে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে দেওয়া বক্তৃতায় ট্রাম্প আশা প্রকাশ করেন যে, এ বছরই ইরান যুদ্ধের অবসান ঘটবে। তিনি বলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের পরপরই সম্ভবত এই যুদ্ধের সমাপ্তি হতে পারে। ট্রাম্পের ভাষ্যমতে, ইরান যুদ্ধ শেষ হয়ে গেলেই জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে। এছাড়া মার্কিন ঘাঁটিতে হামলায় চীনের সহায়তার খবরও উড়িয়ে দিয়েছেন তিনি।