কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবির পাশাপাশি তিনি বিশ্বজুড়ে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ওয়াশিংটন জয়ী হতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে। তিনি বলেন, যুদ্ধ এখন চলছে এবং এতে যুক্তরাষ্ট্রই জয়ী হচ্ছে। হরমুজ প্রণালি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন থেকে এই জলপথকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা উচিত। এ সময় রসিকতা করে তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, আমারও তো এখান থেকে কিছু পাওয়া উচিত। তিনি আরও বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আমার একটি ঘোষণা আছে—আমরা এটিকে ট্রাম্প প্রণালি বলেই ডাকব।’ ট্রাম্পের ধারণা, ইরানের নেতৃত্ব এই নাম শুনে দারুণ রোমাঞ্চিত হবে।
ইরানের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছে। গত ৫১ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ত্রাস হিসেবে রাজত্ব চালিয়ে আসছিল, তবে এখন তারা আর সেই অবস্থানে নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সন্দেহজনক তৎপরতার ওপর নজর রাখা হচ্ছে জানিয়ে ট্রাম্প সতর্ক করেন, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় কিছু চলাচলের খবর পাওয়া গেছে এবং সেখানে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে।
ইরানকে কোনো ধরনের চালাকি বা বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, অন্যথায় যুক্তরাষ্ট্র চরম আঘাত হানতে বাধ্য হবে। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না। উল্লেখ্য, কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং বৃহত্তর শান্তি চুক্তির পূর্বশর্ত হিসেবে চলতি বছরের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনবিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

