হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ মনে করেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন। শুক্রবার দক্ষিণ ক্যারোলাইনায় আয়োজিত একটি নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। বর্তমানে ইরানের জাহাজ ও বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ চলমান রয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনারও চেষ্টা করছে।

সিনেটর ডার্লিন গ্রাহামের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘আমরা আদৌ জিতেছি কি না, সেটাও জানি না। কারণ, এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবে দেখি।’ উল্লেখ্য, ডার্লিন গ্রাহাম তার প্রয়াত ভাই লিন্ডসে গ্রাহামের সিনেট আসনটি স্থায়ীভাবে পূরণের জন্য প্রার্থী হয়েছেন। তার প্রচারণাতেই ট্রাম্প এই বক্তব্য দেন।

ভাষণের এক পর্যায়ে ট্রাম্প ইরানে আরো হামলার প্রসঙ্গ উত্থাপন করেন। শুক্রবার রাতের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের হাতে এখনো সময় আছে। এরপর তিনি তার নির্বাচনী সমাবেশে নিয়মিত পাঠ করা ‘দ্য স্নেক’ কবিতাটি আবৃত্তি করেন, যা তিনি মূলত অভিবাসনবিরোধী নীতির সমর্থনে ব্যবহার করে থাকেন। বক্তব্যের শেষে ট্রাম্প উপস্থিত জনতার সামনে প্রশ্ন রাখেন, ‘আমাকে আর কী করতে হবে? গিয়ে ইরানে আরো কিছু বোমা ফেলতে হবে?’