ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিধ্বংসী সামরিক অভিযান বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যের তিন মিত্র দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি এই হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের ভাষ্যমতে, এই দেশগুলো তাকে চুক্তির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি নিয়ে ইতোমধ্যেই একটি সমঝোতা হয়েছে এবং ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়েও একটি চুক্তি হবে বলে তিনি আশাবাদী। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যের মিত্ররা তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, কারণ সমঝোতার মৌলিক কাঠামো বা সীমারেখা নিয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরান সফরের জন্য প্রস্তুত রয়েছেন এবং সেখানে একটি পরোক্ষ আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অতীতেও ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের কথা বললেও বারবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
তেহরানের সঙ্গে চুক্তি কবে নাগাদ হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে রাজি হননি ট্রাম্প। তিনি বলেন, বিষয়টির ফলাফল দেখার জন্য তিনি অপেক্ষা করতে চান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, মানুষ হত্যা করার কোনো ইচ্ছা তার নেই এবং যখনই প্রয়োজন হবে তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

