সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেশটির পূর্বাঞ্চল এবং রাজধানী দামেস্কের সংযোগকারী গুরুত্বপূর্ণ 'দের এজ-জোর–দামেস্ক' মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মহাসড়কটির আল-সুখনা এবং পালমিরা নামক স্থানের মধ্যবর্তী এলাকায় যাত্রীবাহী বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কে দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হোমস সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার লক্ষ্যে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

