পাকিস্তানের ডেরা ইসমাইল খানে চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংঘটিত এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। হামলার স্থানটি জেলার দারাজিন্দা এলাকার আমান মেলার কাছাকাছি অবস্থিত।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই তাদের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পর দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।

ডেরা ইসমাইল খানের পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহতদের মধ্যে পুলিশ সদস্য, কাস্টমস কর্মকর্তা এবং বন বিভাগের কর্মীরা রয়েছেন। এছাড়া আহতদের তালিকায় পুলিশ ও কাস্টমস কর্মীদের পাশাপাশি অন্তত দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চেকপোস্টে সজোরে ধাক্কা দিলে এই বিস্ফোরণ ঘটে। হামলার ঠিক আগে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে প্রাথমিকভাবে পাকিস্তান তালেবান (টিটিপি) এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য যে, ডেরা ইসমাইল খান এলাকাটি বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশের সংযোগস্থলের কাছে অবস্থিত। পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ হওয়ায় চোরাচালান রোধে সেখানে পুলিশ, কাস্টমস কর্মকর্তা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন।