প্রতিরক্ষা খাতে বছরে হাজার হাজার কোটি ডলার ব্যয় করেও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বিমানবন্দর, তেল শোধনাগার বা পাইপলাইনের মতো স্পর্শকাতর স্থাপনা রক্ষা করতে হিমশিম খাচ্ছে সৌদি আরব। আমেরিকা ও ইউরোপের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং বহুপক্ষীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও গত এক সপ্তাহে রিয়াদের প্রধান বিমানবন্দরে প্রাণঘাতী হামলা এড়ানো সম্ভব হয়নি।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, গত বছর প্রতিরক্ষা খাতে ৮ হাজার ৩০০ কোটি ডলার খরচ করেছে সৌদি আরব, যা তাদের বিশ্বের শীর্ষ সামরিক ব্যয়কারী দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে। রিয়াদের বহরে যুক্তরাষ্ট্রের ফাইটার জেটের পাশাপাশি আধুনিক প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ফ্রান্স ও যুক্তরাজ্যের উন্নত অস্ত্র রয়েছে। তবে ভৌগোলিক বিস্তারে যুক্তরাষ্ট্রের পাঁচ ভাগের এক ভাগ আয়তনের এই দেশটির তিন দিক থেকেই নিরাপত্তার হুমকি রয়েছে।
ইরানি বাহিনী পূর্ব দিক থেকে এ বছর সৌদি লক্ষ্যবস্তুগুলোতে প্রায় ১ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। উত্তরের দিকে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ারা গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালাচ্ছে। আর দক্ষিণ দিক থেকে ইয়েমেনের পাহাড়ি অঞ্চল থেকে হুথি বিদ্রোহীরা ক্রমাগত হামলা অব্যাহত রেখেছে। যদিও অনেক হামলা মাঝআকাশেই ধ্বংস করা হয়, তবুও কিছু হামলা সফলভাবে লক্ষ্যভেদ করছে। দেশটির একটি সূত্রের মতে, অরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনার আধিক্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলছে।
হুথিরা এখন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে দূরপাল্লার ড্রোনের সমন্বয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো কৌশল অবলম্বন করছে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিচু উচ্চতায় উড্ডয়ন এবং নতুন প্রজন্মের দিক পরিবর্তনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাডারে শনাক্ত করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, হুথিদের ব্যবহার করা ‘হাতেম-২’ ও ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্রের নকশা ইরানি অস্ত্রের সঙ্গে হুবহু মিলে যায় এবং এগুলো অত্যন্ত নিখুঁত।
ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাজেদ আল-নাজিলি জানান, হুথিরা ইরানি আকাশ প্রতিরক্ষা অস্ত্রও নিজেদের মতো করে সংশোধন করেছে, যা ২৫ মিনিট পর্যন্ত আকাশে চক্কর কাটতে পারে এবং তাপ অনুসরণকারী প্রযুক্তিতে কাজ করে। ইরানের ‘অক্ষশক্তি’র অংশ হুথিরা বর্তমানে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার পাশাপাশি আরামকো শোধনাগার ও বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা সৌদি বিমান হামলা বন্ধের পাশাপাশি কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করছে।
ইরান মধ্যস্থতার প্রস্তাব দিলেও হুথিরা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং সতর্ক করেছে যে, বর্তমান পরিস্থিতি আগের চেয়ে বেশি বিপজ্জনক। এদিকে রিয়াদ বিমানবন্দরে হামলার পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের নীরবতা নিয়ে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, রিয়াদের জন্য কোনো নমনীয় সমঝোতায় যাওয়া রাজনৈতিকভাবে অবমাননাকর, আবার সামরিকভাবে হুথিদের পরাস্ত করাও প্রায় অসম্ভব। লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা না করার চুক্তিতে পৌঁছালেও ইয়েমেনে নিজেদের অবস্থান ধরে রেখেছে হুথিরা। বর্তমানে প্রায় ৩ লাখ ৫০ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে তারা যুদ্ধের ময়দানে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তায়েজ শহর অবরোধ করে রেখেছে। সৌদি আরব আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করলেও আমেরিকার অস্ত্রের ঘাটতি ও মধ্যপ্রাচ্যে জড়াতে অনীহা রিয়াদের জন্য সংকট আরও বাড়িয়ে তুলেছে।

