হুতি দমনে বড় অভিযানের পরিকল্পনা, মিত্রদের সহায়তা নিচ্ছে সৌদি আরব

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর সরকারি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে এসব অভিযানে হাজারো হুতি যোদ্ধা হতাহত হয়েছেন। এই ইরানপন্থী গোষ্ঠীকে চূড়ান্তভাবে পরাস্ত করার লক্ষ্যে রিয়াদ এখন একটি বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যেখানে মিত্রদেশগুলো থেকে সহায়তা পাচ্ছে তারা।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গত জুলাই থেকে সৌদি–হুতি সংঘাত নতুন করে দানা বেঁধেছে। হুতিরা ইয়েমেনের বেশ কিছু অঞ্চল দখল করে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল–মানদেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা চালাচ্ছে। এই জলপথ মুক্ত করতে সৌদি ও ইয়েমেনি বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। ইয়েমেনি বাহিনীর তথ্যানুযায়ী, গত শুক্রবার আগের ২৪ ঘণ্টায় হুতিদের ওপর ৪৭৪টি বিমান হামলা চালানো হয়েছে, যাতে ১ হাজার ৫৪০ হুতি যোদ্ধা হতাহত হন এবং গোষ্ঠীটির ২১৬টি সামরিক যান ও সক্ষমতা ধ্বংস হয়। এর পরের দিন শনিবার তাইজ অঞ্চলের বিভিন্ন এলাকায় আরও ৭১টি হামলার ঘটনা ঘটেছে।

সংঘাতের এই সময়ে সৌদি আরবের ভূখণ্ডেও হামলার ঘটনা ঘটছে। দেশটির সরকারি তথ্যমতে, দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের আহাদ রাফিদাহ এলাকায় হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং নাজরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এসব ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যুদ্ধের কারণে ইয়েমেনের সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) তথ্য অনুযায়ী, ইয়েমেনে প্রতি চার পরিবারের তিনটি ক্ষুধার্ত অবস্থায় রয়েছে এবং সরকারনিয়ন্ত্রিত অঞ্চলগুলোর প্রায় ৭৪ শতাংশ পরিবার মৌলিক খাবারের চাহিদা মেটাতে পারছে না।

মধ্যপ্রাচ্য ও পশ্চিমা একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনি বাহিনীর নেতৃত্বে বড় এই অভিযান শুরু হতে পারে। এই অভিযানে এক লাখের বেশি ইয়েমেনি সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে, যেখানে সৌদি আরব বিমান সহায়তা প্রদান করবে। অভিযানের মূল লক্ষ্য হলো গত মাসে হুতিদের দখল করা লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলো উদ্ধার করা। এছাড়া বাব আল–মানদেব প্রণালি ছাড়াও আল–বায়দা, মারিব, তাইজ ও আল–জাওফ অঞ্চলে বড় পরিসরে হামলা চালানো হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মাইকেল র‍্যাটনি মনে করেন, ২০১৫ সালের তুলনায় এবারের অভিযানের ব্যাপ্তি সীমিত হতে পারে, যার প্রধান লক্ষ্য হবে নৌ চলাচল স্বাভাবিক করা।

সৌদি আরব এই লড়াইয়ে ওয়াশিংটনসহ বেশ কিছু মিত্রদেশের সহায়তা পাচ্ছে। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে বিমান হামলায় সহায়তা করছে। এছাড়া পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ এডেন বন্দরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ড্রোনসহ সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া সৌদি আরবের স্থলসীমা রক্ষায় ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে। লোহিত সাগরের ইয়ানবু বন্দর রক্ষায় ফ্রান্সও সেনাসদস্য ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে। সৌদি রাজনৈতিক বিশ্লেষক আলী শিহাবির মতে, মিত্রদের সহায়তা থাকলেও অভিযানের সফলতা মূলত ইয়েমেনের স্থলবাহিনীর আক্রমণাত্মক সক্ষমতার ওপরই নির্ভর করবে।