সৌদিতে বছরের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে উচ্চ হারে মৃত্যুদণ্ড দেওয়ার ধারাবাহিকতা দেখা গেছে। এই সময়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নথিবদ্ধ করেছে জার্মানির বার্লিনভিত্তিক স্বাধীন মানবাধিকার সংস্থা ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর)। সংস্থাটি জানায়, সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও বিশ্বজুড়ে এই সাজা বৃদ্ধিতে সৌদি আরব শীর্ষে রয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে এ বছরের প্রথমার্ধ পর্যন্ত মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২ হাজারে পৌঁছেছে, যা পূর্ববর্তী যেকোনো শাসনামলের চেয়ে বেশি।

ইএসওএইচআর-এর পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৭টি দেশের নাগরিক রয়েছেন। এর মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক, যা মোট সাজার প্রায় ৫৪ শতাংশ। অপরদিকে ৪৯ জন ছিলেন সৌদি নাগরিক, যা মোট সংখ্যার ৪৬ শতাংশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, পাকিস্তান, সুদান, ইয়েমেন, সিরিয়া, জর্ডান, সোমালিয়া, মিসর, নাইজেরিয়া, বেনিন, ইরাক, কুয়েত, কেনিয়া, উগান্ডা ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন।

চলতি বছরের প্রথম ছয় মাসে সাজা কার্যকরের পেছনে সবচেয়ে বড় কারণ ছিল মাদক-সংক্রান্ত অপরাধ। মোট ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৭১টি কার্যকর হয়েছে মাদকের মামলায়, যা মোট সাজার ৬৬ শতাংশ বা প্রায় ৬৫ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে ৪৯ জনই বিদেশি নাগরিক (মোট সাজার ৪৫ দশমিক ৩ শতাংশ), যাদের বড় অংশ ইথিওপিয়া, পাকিস্তান, সুদান ও ইয়েমেনের নাগরিক। এছাড়া হত্যাকাণ্ডের মামলায় ২৫টি (২৩ শতাংশ), রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯টি (৮ শতাংশ বা ৮ দশমিক ৩ শতাংশ) এবং অন্যান্য মামলায় ৩টি (৩ শতাংশ) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সব মিলিয়ে ৮৩টি সাজা (৭৬ দশমিক ৮ শতাংশ) দেওয়া হয়েছে অহিংস বা অ-হত্যাকাণ্ডমূলক অপরাধের জন্য।

বিচারের প্রকৃতির দিক থেকে ৮৪টি সাজার ক্ষেত্রে বিচারকদের একক বিবেচনামূলক ক্ষমতা বা ‘তাজির’ প্রয়োগ করা হয়েছে, যা মোট সংখ্যার ৭৭ দশমিক ৭ শতাংশ। একই সঙ্গে ১০৮টি মামলার মধ্যে ৯১টি ক্ষেত্র সম্পর্কে সাজা কার্যকর করার আগে ইএসওএইচআর বা অন্য কোনো সংস্থা তথ্য বা নথিভুক্তিকরণ করতে পারেনি। এটি মোট সাজার ৮৪ দশমিক ২ শতাংশ। মানবাধিকার সংস্থাটির মতে, এটি সৌদি বিচারব্যবস্থায় চরম স্বচ্ছতার অভাব এবং তথ্য পাওয়ার ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতার প্রকাশ ঘটায়।

রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিশেষায়িত ফৌজদারি আদালতের রায়েও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গত জুনে সৌদ আল-ফারাজ নামের এক ব্যক্তির সাজা কার্যকর করা হয়, যার আটকাদেশকে আগে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বেআইনি ও অযৌক্তিক বলেছিল। এছাড়া ৯ এপ্রিল আলী আল-সুবাইতি নামের এক আসামির সাজা কার্যকর হয়, যার বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল মাত্র ১২ বছর বয়সে বিক্ষোভে অংশ নেওয়া। শৈশবে করা তথাকথিত অপরাধের অভিযোগে এখনো অন্তত পাঁচজন মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তবে জাতিসংঘের মুক্তির আহ্বান সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।

বর্তমানে শান্তিপূর্ণ মতামত প্রকাশের অভিযোগে সাজাপ্রাপ্ত আরও ৪৯ জন মৃত্যুদণ্ডের মুখোমুখি। এদের মধ্যে রয়েছেন শেখ সালমান আল-আওদা ও শেখ হাসান আল-মালিকি, যাদের বিচারপ্রক্রিয়া ২০১৮ সাল থেকে অমীমাংসিত ঝুলছে। এছাড়া সৌদির বিভিন্ন কারাগারে এখনো বহু বন্দী মৃত্যুর প্রহর গুনছেন; যেমন খামিস মুশাইত কারাগারে ৫৮ জন ইথিওপীয়, নাজরান কারাগারে ৫ জন ইথিওপীয় ও ৫ জন সোমালীয় এবং তাবুক কারাগারে ৮ জন মিসরীয় বন্দী রয়েছেন। আসামিরা পেশাদার দোভাষীর অভাব, আইনি সহায়তার অনুপস্থিতি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সংস্থাটি আরও জানায়, এ বছরের প্রথমার্ধের হিসাবের বাইরে সম্প্রতি মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অপরাধে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক নানা প্রতিশ্রুতি ও সমালোচনা সত্ত্বেও সৌদি আরব দ্রুতগতিতে এসব শাস্তি কার্যকর করে চলেছে। উল্লেখ্য, ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস-এর প্রধান কার্যালয় বার্লিনে হলেও যুক্তরাজ্য (লন্ডন) ও লেবাননে (বৈরুত) এর সহযোগী শাখা ও প্রতিনিধি রয়েছে।