ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় প্রাণ হারানোদের মধ্যে ৫টি শিশু রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।
ক্ষেপণাস্ত্রটি যখন আঘাত হানে, তখন ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। শক্তিশালী বিস্ফোরণের তীব্রতায় পাঁচতলা ভবনটির অর্ধেক অংশ পুড়ে যাওয়া কংক্রিট এবং দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়। একই সঙ্গে ভবনটির জানালার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১২ মাস এবং অন্য এক শিশুর বয়স ছিল আট বছর। এছাড়া ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকারীরা সন্ধ্যার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিলুকি জেলার ওই অ্যাপার্টমেন্ট ভবনে রুশ হামলায় মোট ২০ জন প্রাণ হারিয়েছেন। উত্তরাঞ্চলীয় চেরনিহিভ ছাড়াও দেশের অন্যান্য এলাকায় চালানো হামলায় বাকিরা নিহত হন।

