যা খুশি করুন, পিছু হটব না: মোদিকে হুঙ্কার রাহুল গান্ধীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সরকার যে ধরনের পদক্ষেপই গ্রহণ করুক না কেন, সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখার আন্দোলন থেকে তারা কোনোভাবেই পিছু হটবেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওবার্তায় তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

ভিডিওবার্তায় রাহুল গান্ধী বলেন, “মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না।” তিনি দাবি করেন, গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন, যার ফলে তাদের কার্যক্রম সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে।

রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অজিত ডোভালের মতো ব্যক্তিরা বর্তমানে ধীরে ধীরে চাপের মুখে পড়ছেন। তিনি বলেন, “আমরা তাদের ঘিরে ধরছি।”

বিক্ষোভকারীদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করা হলেও তারা আন্দোলন থেকে সরে আসবেন না। তিনি আরও বলেন, “আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।”

রাহুল গান্ধীর দাবি, তাদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে এবং ভারতের সংবিধান রক্ষা ও জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ভারতের তরুণদের প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা সংবিধানের ওপর আঘাত হেনেছেন, তাদের পরাজিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কখনো এমন পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।